আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের পরবর্তী সরকারে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর এবং গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার নীতি এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।
২৭ সেপ্টেম্বর রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিওতে ফিলিস্তিনি বন্দি হাসান সালামেহকে সরাসরি মৃত্যুদণ্ডের হুমকি দেন বেন-গভির। ভিডিওতে কারাগারের একটি কক্ষে সালামেহর মুখোমুখি হয়ে তাকে বলতে শোনা যায়, তিনি তাকে মৃত্যুদণ্ড দিতে চান।
ভিডিওটির সঙ্গে দেওয়া বার্তায় বেন-গভির বলেন, প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে সালামেহর মতো ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার নীতি এগিয়ে নেবেন। একই সঙ্গে গাজা ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার কথিত ‘স্বেচ্ছা অভিবাসন’ নীতিও এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।
সালামেহ ১৯৯৬ সাল থেকে ইসরায়েলি কারাগারে বন্দি। ইসরায়েলি আদালতে ১৯৯০-এর দশকের হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে তিনি একাধিক যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের পক্ষে দীর্ঘদিন ধরে অবস্থান নিয়ে আসছেন বেন-গভির। চলতি বছরের মার্চে ইসরায়েলি পার্লামেন্ট নির্দিষ্ট কিছু অপরাধে মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন করে। আইনটি ফিলিস্তিনি বন্দিদের ক্ষেত্রে প্রয়োগের বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।
এর আগে বেন-গভির ফিলিস্তিনি বন্দিদের কারাবন্দি অবস্থার ওপর কঠোর বিধিনিষেধ আরোপের পক্ষেও প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। তার সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর ফিলিস্তিনি বিভিন্ন পক্ষ এর সমালোচনা করেছে।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available