আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে প্রশিক্ষণ উড্ডয়নের সময় একটি টিইউ-৯৫ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বিমানের আরও এক ক্রু সদস্য আহত হয়েছেন। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, আমুর অঞ্চলের ইউক্রেনকা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর ক্রাসনোইয়ারোভো শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। মাটিতে আছড়ে পড়ার পর বিমানের জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।
চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। রুশ সামরিক বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না। ফলে পারমাণবিক অস্ত্র বা অন্য কোনো অস্ত্র দুর্ঘটনার সঙ্গে জড়িত ছিল না।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী ও অগ্নিনির্বাপণকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত ক্রু সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অ্যারোস্পেস ফোর্সেসের একটি বিশেষ কমিশন ঘটনাস্থলে পাঠিয়েছে রাশিয়া। স্থানীয় কর্তৃপক্ষও পৃথকভাবে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে ঘটনাস্থল থেকে আগুন ও ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
টিইউ-৯৫ সোভিয়েত আমলে তৈরি দীর্ঘপাল্লার ভারী বোমারু বিমান। পারমাণবিক অস্ত্র বহন ও নিক্ষেপে সক্ষম এই বিমান ১৯৫২ সালে প্রথম আকাশে ওড়ে এবং ১৯৫৬ সালে সোভিয়েত সামরিক বাহিনীতে যুক্ত হয়। রাশিয়া এখনো বিমানটির বিভিন্ন সংস্করণ ব্যবহার করে।
রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে সামরিক ও বেসামরিক বিমান দুর্ঘটনার ঘটনা এর আগেও ঘটেছে। ২০২৫ সালের জুলাইয়ে তিয়ান্দা শহরের কাছে একটি আন্তোনভ-২৪ বিমান বিধ্বস্ত হয়ে ৪৮ আরোহীর সবাই নিহত হন। এর আগে ২০২১ সালের আগস্টে কামচাটকা উপদ্বীপে ১৬ আরোহী নিয়ে একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available