• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:২৬:৪৭ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি জায়ান্টদের চুক্তি, এআই নিরাপত্তায় স্বনিয়ন্ত্রণের অঙ্গীকার

৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৬:০৪

ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি জায়ান্টদের চুক্তি, এআই নিরাপত্তায় স্বনিয়ন্ত্রণের অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি স্বেচ্ছামূলক চুক্তিতে সই করেছেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা। দ্রুত বিকাশমান এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রতিষ্ঠানগুলো নিজেদের নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছে।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার হোয়াইট হাউসে প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকের পর চুক্তিটির ঘোষণা দেন ট্রাম্প। ‘জয়েন্ট কমিটমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপনসিবিলিটিজ’ নামের এ চুক্তিতে এআই ব্যবস্থার জন্য শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা চালু, নিরাপত্তা পর্যবেক্ষণ এবং স্বাধীন নিরীক্ষার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।

চুক্তিতে অংশ নেওয়া প্রযুক্তি নির্বাহীদের মধ্যে ছিলেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই, ওপেনএআইয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান, গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই, মেটার প্রধান মার্ক জাকারবার্গ, এক্সএআইয়ের প্রধান ইলন মাস্ক এবং এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং।

আরও পড়ুন

সৌদি আরবের রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ, কেঁপে উঠল বাড়িঘর

চুক্তি অনুযায়ী, এআই ব্যবস্থার কার্যক্রম পর্যবেক্ষণ ও সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করতে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তুলতে হবে। এসব নিয়ন্ত্রণ কার্যকরভাবে কাজ করছে কি না, তা পর্যালোচনায় অভ্যন্তরীণ দল ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সংশ্লিষ্ট কমিটি কাজ করবে।

এ ছাড়া নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ে স্বাধীন বহিরাগত নিরীক্ষকের সঙ্গে কাজ করার অঙ্গীকার করা হয়েছে। এআই ব্যবস্থাগুলো যাতে অননুমোদিতভাবে প্রযুক্তিগত ব্যবস্থায় প্রবেশ বা অনাকাঙ্ক্ষিত কার্যক্রম পরিচালনা না করে, সেটিও নিশ্চিত করার কথা বলা হয়েছে।

চুক্তিতে ভবিষ্যতে এসব পদক্ষেপকে আইন ও আনুষ্ঠানিক বিধিবিধানের আওতায় আনার বিষয়টিও উন্মুক্ত রাখা হয়েছে। তবে বর্তমান চুক্তিটি বাধ্যতামূলক আইন নয়; এর বাস্তবায়ন মূলত প্রতিষ্ঠানগুলোর স্বেচ্ছামূলক অঙ্গীকারের ওপর নির্ভর করছে।

আরও পড়ুন

মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে শি-পুতিনের কঠোর বার্তা

এআইয়ের দ্রুত বিকাশের সঙ্গে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি নিয়ে প্রযুক্তি খাতের ভেতরেও বিতর্ক চলছে। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইসহ কয়েকজন প্রযুক্তি নেতা উন্নত এআই ব্যবস্থার বিকাশের গতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তাব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ট্রাম্প প্রশাসন এআই বিকাশে অতিরিক্ত সরকারি নিয়ন্ত্রণের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে এবং চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার ধরে রাখার ওপর জোর দিয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীন এআই-সংক্রান্ত সম্ভাব্য ঘটনার বিষয়ে পারস্পরিক যোগাযোগের একটি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয়। তবে আন্তর্জাতিক পর্যায়ে এআই নিয়ন্ত্রণের জন্য আরও বিস্তৃত সমন্বিত কাঠামো গড়ে তোলার বিষয়ে এখনো মতপার্থক্য রয়েছে।

নতুন চুক্তির ঘোষণার সময় ট্রাম্প এআই নিরাপত্তায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর স্বনিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেন। তিনি এআই বিকাশ অব্যাহত রাখার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর নিজেদের নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা বলেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ইাতহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিস

তবে চুক্তির সমালোচকেরা বলছেন, এটি বাধ্যতামূলক না হওয়ায় বাস্তব প্রয়োগ ও জবাবদিহি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। একই সঙ্গে স্বাধীন নিরীক্ষার কার্যকর কাঠামো কীভাবে কাজ করবে, সে বিষয়েও আরও স্পষ্টতা প্রয়োজন বলে মত দিয়েছেন কয়েকজন বিশেষজ্ঞ।

এদিকে এআই নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের এআই এজেন্টের অনাকাঙ্ক্ষিত আচরণ ও অনুমতি ছাড়া প্রযুক্তিগত ব্যবস্থায় প্রবেশের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। এসব ঘটনার পর উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা, নজরদারি ও জবাবদিহি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ