আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরান ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা কমাতে গোপন কূটনৈতিক মধ্যস্থতা করেছেন বলে দাবি করেছে দ্য টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমাদ বাহিদির সঙ্গে একটি যৌথ তেল পরিবহন উদ্যোগকে কাজে লাগিয়ে এই সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়।
বিষয়টি সম্পর্কে অবগত তিনজন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, গত মার্চের শেষ দিকে এই সমঝোতা হয়। সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের প্রাথমিক পর্যায় চলছিল।
প্রতিবেদনের দাবি অনুযায়ী, যুদ্ধের প্রথম দিকে সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ ইরান-সমর্থিত হামলার ঝুঁকিতে থাকলেও সমঝোতার পর সৌদি আরবের বিরুদ্ধে এ ধরনের হামলা উল্লেখযোগ্যভাবে কমে যায়।
আরও বলা হয়, গত বছরের শেষ দিক থেকে ইরান থেকে পাকিস্তানে তেল পরিবহনের একটি যৌথ উদ্যোগ পরিচালিত হচ্ছিল। এই উদ্যোগকে আলোচনার অংশ হিসেবে ব্যবহার করেন আসিম মুনির। তবে এ বিষয়ে পাকিস্তান, ইরান বা সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, গত সপ্তাহান্তে সৌদি আরবের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার পর আসিম মুনির আইআরজিসি প্রধান আহমাদ বাহিদিকে সতর্কবার্তা পাঠান। এরপর থেকে সৌদি আরবের দিকে আর কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের মধ্যস্থতার মাধ্যমে ইসলামাবাদ সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং আঞ্চলিক কূটনীতিতে নিজের ভূমিকা জোরদার করতে চায়।
উল্লেখ্য, প্রতিবেদনে উল্লিখিত দাবিগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available