বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে সরকারি ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে থাকা এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধের মজুত দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ঘটনাটিকে ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
২৫ জুলাই শনিবার পূর্বঘোষণা ছাড়াই মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ, ওষুধ সংরক্ষণাগার ও অন্যান্য স্থাপনা ঘুরে দেখার সময় একটি বাথরুমে সরকারি ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে থাকা এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় এনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “দেশের দরিদ্র মানুষ ওষুধের জন্য কষ্ট করেন, অথচ এখানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে আছে। এমনকি সরকারি ওষুধ বাথরুমে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি বলেন, অতীতের অনিয়ম, দুর্নীতি ও অর্থের অপচয়ের কারণে স্বাস্থ্যসেবা খাত ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের ৫০ শয্যার উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার টেন্ডার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে।
একই দিনে তিনি শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালও পরিদর্শন করেন। সেখানে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের উপস্থিতি, ডিউটি রোস্টার, বিভিন্ন ওয়ার্ড ও হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করে সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম তদারকি করেন।
স্বাস্থ্যমন্ত্রীর সফরকালে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available