• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৫১:০০ (11-Oct-2026)
  • - ৩৩° সে:

দিল্লিতে গণআটক নিয়ে জাতিসংঘের উদ্বেগ, পাল্টা জবাব ভারতের

১১ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪৪:৩৯

দিল্লিতে গণআটক নিয়ে জাতিসংঘের উদ্বেগ, পাল্টা জবাব ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় ও গণআটকের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর। তবে জাতিসংঘের এই উদ্বেগকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ‘অবান্তর হস্তক্ষেপ’ বলে অভিহিত করেছে নরেন্দ্র মোদি সরকার। একই সঙ্গে বিশ্বের অন্যান্য অঞ্চলে বিক্ষোভের ঘটনাগুলোর প্রতিও সমান মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।

১১ অক্টোবর রোববার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে সিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার দিনভর সাত হাজারের বেশি মানুষকে আটক করে পুলিশ। শুক্রবার রাত থেকেই ধরপাকড় শুরু হয়। আটক ব্যক্তিদের অধিকাংশকে শনিবার রাতে ছেড়ে দেওয়া হলেও সিজেপির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দীপকে, দলটির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা এবং ইউটিউবার ধ্রুব রাঠিকে তখনো মুক্তি দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে শনিবার ভারতের পুলিশি পদক্ষেপ ও গণআটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর। এর জবাবে ভারতের সরকার কড়া বিবৃতি দিয়েছে।

ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, দিল্লির ঘটনাবলি নিয়ে জাতিসংঘের মন্তব্য তাদের নজরে এসেছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার সংবিধান স্বীকৃত। দেশটিতে স্বাধীন বিচারব্যবস্থা ও সংবাদমাধ্যম রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ভারত সরকারের বক্তব্য, অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো ভারতেও জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শান্তিপূর্ণ আন্দোলনের ওপর যুক্তিসংগত কিছু বিধিনিষেধ রয়েছে। কর্তৃপক্ষ আইন অনুযায়ী দায়িত্ব পালন করে এবং যেকোনো অভিযোগের প্রতিকার চাওয়ার জন্য আদালত সবার জন্য উন্মুক্ত।

তবে বিবৃতিতে জাতিসংঘের উদ্বেগকে সরাসরি প্রত্যাখ্যান করে নয়াদিল্লি বলেছে, ‘রাষ্ট্রসংঘ ভুল জায়গায় তাদের এই উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে এটা অবান্তর হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়।’

পাশাপাশি জাতিসংঘকে নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতার নীতি মেনে বিশ্বের অন্যান্য অঞ্চলে সংঘটিত বিক্ষোভের ঘটনাগুলোর প্রতিও সমান নজর দেওয়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার।

কী নিয়ে সিজেপির বিক্ষোভ?

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে সিজেপি। শনিবার দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল দলটি। তবে দিল্লি পুলিশ কর্মসূচির অনুমতি না দেওয়ায় সেখানে বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেওয়া হয়।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর উড়োজাহাজের ভেতর থেকেই আটক করা হয়। এ ছাড়া গুরুগ্রামে নিজের বাসা থেকে আটক করা হয় ইউটিউবার ধ্রুব রাঠিকে।

শনিবার দিল্লির বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধরপাকড়ের ঘটনা ঘটে। এ নিয়ে ভারতের পাশাপাশি বিদেশি সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়।

জাতিসংঘের উদ্বেগ

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের মুখপাত্র তামিন আল-খিতান শনিবার এক বিবৃতিতে আন্দোলনকারী, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি, আইনজীবী ও সাংবাদিকদের গণআটকের খবরে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি ভারতীয় কর্তৃপক্ষের প্রতি শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানান।

তবে জাতিসংঘের এই আহ্বানের জবাবে ভারত সরকার কঠোর অবস্থান নিয়েছে। ফলে দিল্লিতে বিক্ষোভ দমন ও গণআটক নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের পাশাপাশি ভারত ও জাতিসংঘের মধ্যে বক্তব্য-পাল্টাবক্তব্যও সামনে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দুই ‘এবি’র জন্মদিন আজ
দুই ‘এবি’র জন্মদিন আজ
১১ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩১:৩৪

ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি দিল পুলিশ
ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি দিল পুলিশ
১১ অক্টোবর ২০২৬ সকাল ১০:২৩:৪৮