• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১২:২৬:৩০ (14-Jun-2026)
  • - ৩৩° সে:
পাকিস্তান শাসিত কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫

পাকিস্তান শাসিত কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।বিক্ষোভের সূত্রপাত হয় আঞ্চলিক আইনসভায় শরণার্থীদের জন্য সংরক্ষিত আসন ব্যবস্থা নিয়ে বিরোধ থেকে। ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে কয়েক দশক আগে পাকিস্তানে চলে আসা শরণার্থীদের জন্য সংরক্ষিত আসন বাতিল বা পুনর্বিবেচনার দাবিতে বিভিন্ন সংগঠন আন্দোলনে নামে।আন্দোলনরত বিভিন্ন সংগঠনের একটি জোট, যার মধ্যে অ্যাকশন কমিটির মতো প্ল্যাটফর্ম রয়েছে, এই আসন সংরক্ষণের বিরোধিতা করে বিক্ষোভের ডাক দেয়। তবে কর্তৃপক্ষ এসব সংগঠনকে রাষ্ট্রবিরোধী ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেছে।এরপর হাজার হাজার বিক্ষোভকারী আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদের দিকে পদযাত্রা শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী একাধিক স্থানে বাধা দেয় এবং সংঘর্ষে রূপ নেয়।স্থানীয় প্রশাসনের দাবি অনুযায়ী, নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং ৪ জন নিরাপত্তা সদস্য রয়েছেন। তবে স্বাধীনভাবে এই সংখ্যা যাচাই করা যায়নি।এদিকে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ১০ হাজারের বেশি বিক্ষোভকারীর একটি বড় দল রাওয়ালকোট শহরের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং স্থানীয়দের ঘর থেকে না বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।পুঞ্চ জেলার কমিশনার সরদার ওয়াহিদ খান জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদার করা হয়েছে এবং বিক্ষোভকারীদের মুজাফফারাবাদের দিকে অগ্রসর হতে দেওয়া হবে না।সূত্র: বিবিসি