ডেস্ক রিপোর্ট: জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ ২৩ নভেম্বর সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে।
আজ দুপুর ১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক হওয়ার কথা। দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেবে। প্রতিনিধিদলে নাহিদ ইসলামের সঙ্গে দলের সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জাতীয় সংসদে কঠোর হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সংসদ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে ১১ দলীয় জোটের নেতারাও নিজেদের মধ্যে বৈঠক করেন। এসব ঘটনার ধারাবাহিকতায় এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার।
যুক্তরাজ্য সফর শেষে গতকাল রোববার দেশে ফিরে নাহিদ ইসলাম জানান, সরকারপ্রধান সংলাপের আহ্বান জানানোয় দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দিচ্ছে। তবে জাতীয় ঐক্যের আগে কিছু বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে দলটি।
নাহিদ ইসলামের দাবি, জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের অঙ্গীকার থাকতে হবে। শুধু আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলার উদ্দেশ্যে জাতীয় ঐক্যের উদ্যোগ নেওয়া হলে তাতে এনসিপি সমর্থন দেবে না বলেও জানিয়েছেন তিনি।
এদিকে এনসিপির সঙ্গে বৈঠকের পর জামায়াতে ইসলামীসহ জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে ১১ দলীয় জোটের অন্য শরিকদের কাছে এখন পর্যন্ত আনুষ্ঠানিক আমন্ত্রণ পৌঁছেছে কি না, তা নিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে।
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে রয়েছেন। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা। এরপর জামায়াতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে ২৭ বা ২৮ নভেম্বর বৈঠক হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সূচি নিশ্চিত হওয়া যায়নি।
জাতীয় ঐক্যের উদ্যোগের মধ্য দিয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নাশকতা প্রতিরোধ এবং রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available