আন্তর্জাতিক ডেস্ক: ইরানে নতুন করে সামরিক হামলা শুরুর সম্ভাবনা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত মেরিন সেনা ইউনিট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এতে অঞ্চলটিতে আরও ৯ হাজার থেকে ১০ হাজার মার্কিন সেনা যুক্ত হতে পারে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদন অনুযায়ী, নতুন করে পাঠানো যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, মেরিন সেনা ও নৌসদস্যরা নভেম্বরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যে পৌঁছাবেন। সংবাদমাধ্যমটির দাবি, সম্প্রতি ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনের পর, নভেম্বরেই, ইরানে আবারও বোমা হামলা শুরুর প্রত্যাশা করছেন তিনি।
এদিকে, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট রোববার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে নিজ ঘাঁটি ছেড়েছে। পূর্বনির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে জাহাজটি মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে। একই সময়ে তিনটি যুদ্ধজাহাজ নিয়ে গঠিত ইউএসএস মাকিন আইল্যান্ড অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপও সোমবার ঘাঁটি ছেড়েছে। এসব জাহাজে রয়েছে ১৩তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সেনাসদস্যরা।
বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি—ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন অবস্থান করছে। রুজভেল্ট পৌঁছানোর পরও ওয়াশিংটন ওই অঞ্চলে অবস্থান করলে সেখানে একসঙ্গে তিনটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মোতায়েন থাকবে। গত এপ্রিলের পর এই প্রথম এমন পরিস্থিতি তৈরি হবে।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি, শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত সাময়িকভাবে বন্ধ করতে দুই পক্ষ একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে পৌঁছেছিল। তবে সেই যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ চলছে।
বুশ ও ওয়াশিংটনের পাশাপাশি ইউএসএস বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপের কয়েকটি যুদ্ধজাহাজও বর্তমানে মধ্যপ্রাচ্যে রয়েছে। চলতি সপ্তাহে, যাত্রা করা যুদ্ধজাহাজগুলোর সঙ্গে থাকা অতিরিক্ত সেনাসদস্য যুক্ত হলে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের মোট সেনা উপস্থিতি ৫০ হাজার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available