• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৩৫:৪৫ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

২১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৪৭

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পরিকল্পনা অনুযায়ী, নিষেধাজ্ঞা আরোপ করা হলে আদালতটির সঙ্গে বেশিরভাগ আর্থিক ও বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধ হতে পারে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন চলতি সপ্তাহেই এসব নিষেধাজ্ঞার নির্বাহী পদক্ষেপ চূড়ান্ত করতে পারে ওয়াশিংটন।

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে ছয় থেকে সাত মাসের একটি সময়সীমা পার হওয়ার পর আন্তর্জাতিক এই আদালতের সঙ্গে বেশির ভাগ আর্থিক ও বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধ হয়ে যাবে।

পরিকল্পিত এই নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের শাস্তিমূলক পদক্ষেপে বড় ধরনের পরিবর্তন আনবে। এর আগে আদালতের নির্দিষ্ট কর্মকর্তা ও কর্মীদের লক্ষ্য করে ব্যবস্থা নেয়া হলেও এবার পুরো প্রতিষ্ঠানটির ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করা হবে।

প্রতিবেদনে উদ্ধৃত সূত্রগুলো জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন চলতি সপ্তাহেই অথবা এর পরপরই এসব নির্বাহী পদক্ষেপ চূড়ান্ত করতে পারে ওয়াশিংটন।

এরই মধ্যে আদালতটির প্রেসিডেন্ট তোমোকো আকানেসহ বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জারি করা একটি নির্বাহী আদেশের আওতায় এসব নিষেধাজ্ঞা দেয়া হয়। ওই আদেশে আইসিসির বিচারকার্যকে কেন্দ্র করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।

প্রসঙ্গত, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে ২০২৪ সালে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। গাজায় সংঘটিত অপরাধের অভিযোগের তদন্তের পর এই পরোয়ানা জারি করা হয়। এরপর থেকেই আদালতটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ধারাবাহিক পদক্ষেপ চলছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার বিষয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি হননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র।

অবশ্য গত মাসে আইসিসির প্রেসিডেন্ট ও প্রসিকিউটরের কার্যালয়ের এক জ্যেষ্ঠ আইনজীবীর ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ করে আদালতটি। এসব পদক্ষেপকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর ‘স্পষ্ট আক্রমণ’ বলে বর্ণনা করে আইসিসি।

আফগানিস্তানে মার্কিন কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে আইসিসির তদন্ত এবং ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন এসব নিষেধাজ্ঞা আরোপ করেছে।

হেগভিত্তিক এই আদালতটি এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ নিষেধাজ্ঞার আওতায় জাপানের নাগরিক ও আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং সেনেগালের আবদুলায়ে সেইয়ে রয়েছেন। সেইয়ে আইসিসির প্রসিকিউটরের কার্যালয়ের জ্যেষ্ঠ আইনজীবী।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






লাল শাপলায় ঢেকে গেছে কুঁড়ি বিলের পানি
লাল শাপলায় ঢেকে গেছে কুঁড়ি বিলের পানি
২১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৫:০২


শ্বশুরবাড়িতে চুরির মামলায় ঘরজামাই কারাগারে
শ্বশুরবাড়িতে চুরির মামলায় ঘরজামাই কারাগারে
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৮:৫৪

বোর্নমাউথের মাঠে কষ্টার্জিত জয় লিভারপুলের
বোর্নমাউথের মাঠে কষ্টার্জিত জয় লিভারপুলের
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৮:০৪