• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৯:৪০ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

২৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৪৩

আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

অনলাইন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, টেকসই পর্যটন এবং এভিয়েশন ও পর্যটন খাতের আন্তর্জাতিক ব্যবসায়িক সংযোগ জোরদারের লক্ষ্য নিয়ে আগামী ২৯ অক্টোবর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬।

তিন দিনব্যাপী এ আয়োজনে ২০টির বেশি দেশের পর্যটন প্রতিনিধি, এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটর অংশ নেওয়ার কথা রয়েছে।

২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে রাজধানীর বিমানবন্দরের ক্রাউন প্লাজা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন টোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ।

আরও পড়ুন

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম: ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা

আয়োজকরা জানান, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৯ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে মেলার ১৪তম আসর। এবারের প্রতিপাদ্য ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’। এতে এভিয়েশন ও পর্যটন খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবসায়িক যোগাযোগ, নতুন বাজার অনুসন্ধান এবং দেশি-বিদেশি পর্যটন প্যাকেজ প্রচারের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।

মেলায় ২০০টির বেশি বুথ ও স্টলে ২২০টির বেশি প্রদর্শক প্রতিষ্ঠান অংশ নেবে। এ ছাড়া ২৫০ জনের বেশি সম্ভাব্য ব্যবসায়িক ক্রেতা এবং ২ হাজার ৫০০ জনের বেশি ট্রেড ভিজিটরের অংশগ্রহণের প্রত্যাশা রয়েছে। চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটরসহ পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরা হবে।

নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ ২০টির বেশি দেশের প্রতিনিধি ও প্রতিষ্ঠান মেলায় অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

বিটিটিএফ উপলক্ষে যাত্রীদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে টাইটেল স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভ্যন্তরীণ সব রুটের টিকিটে ১৫ শতাংশ এবং জেদ্দা ছাড়া আন্তর্জাতিক সব রুটের টিকিটে ১২ শতাংশ ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে।

এ ছাড়া দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যে ভ্রমণ প্যাকেজেও বিশেষ মূল্যছাড়ের সুযোগ থাকছে। সুন্দরবনের ক্রুজ ও রিসোর্ট, শ্রীমঙ্গল এবং টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন গন্তব্যের প্যাকেজে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আয়োজকেরা।

আন্তর্জাতিক হোটেল পরিচালনাকারী প্রতিষ্ঠান আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস মেলায় নিবন্ধনকারীদের জন্য ‘ডাইনিং ডিলস’ কর্মসূচির আওতায় বিশ্বব্যাপী প্রায় ৭ হাজার ৫০০ হোটেলে খাবার ও পানীয়তে ২৫ থেকে ৩০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। মেলার প্রবেশ টিকিটের বিপরীতে র‍্যাফল ড্রয়ের মাধ্যমে দেশি-বিদেশি রুটের বিমান টিকিটসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগও থাকবে।

আরও পড়ুন

দুর্গাপূজার ৮ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

পর্যটন ও এভিয়েশন খাতে সমন্বয়ের তাগিদ

সংবাদ সম্মেলনে টোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ বলেন, গত ১৩টি সফল আয়োজনের ধারাবাহিকতায় বিটিটিএফ দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ পর্যটন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। দেশীয় পর্যটনকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা, বৈশ্বিক ব্র্যান্ডগুলোর সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ বাড়ানো এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, পর্যটন ও এভিয়েশন খাতের উন্নয়নে শুধু পরিকল্পনা প্রণয়ন যথেষ্ট নয়; সেগুলোর কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। বেসরকারি খাতের উদ্যোগকে বাধাগ্রস্ত না করে সরকারকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি পর্যটনসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি।

আরও পড়ুন

আজ শনিবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সংবাদ সম্মেলনে টোয়াবের সাবেক সভাপতি ও মেলার প্রধান সমন্বয়ক মুহাম্মদ রফিউজ্জামানও বক্তব্য দেন।

মেলার এয়ারলাইন্স পার্টনার হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্লাটিনাম হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট এবং গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিডিএস) পার্টনার সেবা। আয়োজনে সহযোগিতা করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এবং এফবিসিসিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

আয়োজকদের প্রত্যাশা, এআইনির্ভর সেবা, পরিবেশবান্ধব পর্যটন এবং আন্তর্জাতিক এভিয়েশন ও পর্যটন প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের পর্যটনশিল্পের সম্ভাবনা আরও বিস্তৃত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ