আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নির্দিষ্ট রুট নির্ধারণে সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান। তবে এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে তেহরান। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।
৫ আগস্ট বুধবার দুই দেশ প্রস্তাবিত শিপিং রুটের ভৌগোলিক অবস্থান চূড়ান্ত করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, প্রযুক্তিগত, আইনি, নিরাপত্তা ও পরিবেশগত বিষয় অন্তর্ভুক্ত করে একটি যৌথ বিবৃতি তৈরির কাজ চলছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ আলোচনার পক্ষ নয়। কোনো বাধা না থাকলে ইরান ও ওমান যৌথভাবে চূড়ান্ত বিবৃতি প্রকাশ করবে। তবে মার্কিন নৌ অবরোধ এবং ইরানের বিরুদ্ধে অন্যান্য পদক্ষেপ বহাল থাকলে শুধু এই সমঝোতার মাধ্যমে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, চুক্তির আওতায় হরমুজ প্রণালীতে একটি ‘মিডল করিডোর’ গড়ে তোলা হবে, যা ইরান ও ওমানের তত্ত্বাবধানে পরিচালিত হবে। একই সঙ্গে তারা জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ আলোচনার কোনো সম্পর্ক নেই এবং প্রণালী পুরোপুরি উন্মুক্ত করার বিষয়টি ওয়াশিংটনের নীতিগত অবস্থানের ওপর নির্ভর করবে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হরমুজ নিয়ে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্রও এতে সম্পৃক্ত। তিনি সতর্ক করে বলেন, প্রণালী দ্রুত খুলে দেওয়া না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের উল্লেখযোগ্য অংশ এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। গত ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান এ নৌপথে চলাচলে বিধিনিষেধ আরোপ করে।
সূত্র: ইউরো নিউজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available