আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরব হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে গোষ্ঠীটির নিয়ন্ত্রিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ হামলার ‘কঠোর জবাব’ দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
২৫ জুলাই শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
হুথি-নিয়ন্ত্রিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, শুক্রবার গভীর রাতে হোদাইদাহে চালানো হামলার পরিণতি সৌদি আরবকে ভোগ করতে হবে। এক বিবৃতিতে তারা বলেছে, এ হামলার মাধ্যমে রিয়াদ ‘উত্তেজনার জবাবে আরও উত্তেজনা’ সৃষ্টির নীতি গ্রহণ করেছে।
হুথি-সমর্থিত আল মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়েছে, হামলায় টেলিযোগাযোগ কর্তৃপক্ষের বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া কামারান দ্বীপেও হামলার খবর পাওয়া গেছে। সেখানে অন্তত একজন নারী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে, প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে, হোদাইদাহ বন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট বন্দরটিকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।
হোদাইদাহ বন্দর হুথি-নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্দরটি দিয়ে ওই অঞ্চলে অধিকাংশ বাণিজ্যিক পণ্য এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা পৌঁছে থাকে।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বর্তমান উত্তেজনার জন্য হুথিদের দায়ী করেছেন। তিনি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলাকে ‘বেপরোয়া’ ও ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেন।
এক বিবৃতিতে আল-মালিকি বলেন, হুথিরা শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখলে সৌদি নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সব সামরিক পদক্ষেপ গ্রহণ করবে।
এর আগে বুধবার হুথিরা লোহিত সাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে কয়েকটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করে। তাদের ভাষ্য, ওই জাহাজগুলো ঘোষিত নৌ-অবরোধ অমান্য করেছিল। গত ২০ জুলাই থেকে গোষ্ঠীটি ওই নৌপথে অবরোধ কার্যকর করার ঘোষণা দেয়। এর আগে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জন্যও তারা সৌদি আরবকে দায়ী করে আসছে।
তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার জানিয়েছে, সানার বিমানবন্দরে হামলাটি চালানো হয়েছিল অনুমতি ছাড়া একটি ইরানি বিমান অবতরণের ঘটনাকে কেন্দ্র করে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ২০২২ সালের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির পর যে উত্তেজনা প্রশমনের পরিস্থিতি বিরাজ করছিল, সাম্প্রতিক ঘটনাগুলোর মাধ্যমে তার কার্যত অবসান হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available