আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় রেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিজেপি নেতা রাভনীত সিং বিট্টু। এর আগে গত জুন মাসে রাজ্যসভার সদস্য হিসেবে তার মেয়াদ শেষ হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী বছর পাঞ্জাব বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে বিট্টুর। সে কারণে তিনি সক্রিয়ভাবে রাজ্যের রাজনীতিতে মনোযোগ দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। আম আদমি পার্টি (আপ) শাসিত পাঞ্জাবে বিজেপির সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার কাজেও তিনি যুক্ত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিট্টু বলেন, কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তিনি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, ভারতের জনগণ, বিশেষ করে পাঞ্জাবের মানুষের সেবা করার সুযোগ পাওয়া তার জন্য সৌভাগ্যের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনসেবা ও জাতীয়তাবাদের আদর্শে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি রাভনীত সিং বিট্টু ২০২৪ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। একই বছরের লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হন। পরে কংগ্রেস নেতা কে. সি. ভেনুগোপালের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনের অবশিষ্ট মেয়াদের জন্য রাজস্থান থেকে তাকে রাজ্যসভার সদস্য মনোনীত করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available