• ঢাকা
  • |
  • সোমবার ১লা আষাঢ় ১৪৩৩ সকাল ১০:২৪:১৫ (15-Jun-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধ বন্ধে সমঝোতা ইরান-যুক্তরাষ্ট্রের, ১৯ জুন চুক্তি সই

১৫ জুন ২০২৬ সকাল ০৮:২২:৫১

যুদ্ধ বন্ধে সমঝোতা ইরান-যুক্তরাষ্ট্রের, ১৯ জুন চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটিয়ে যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ১৪ জুন রোববার দিবাগত রাতে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ তথ্য নিশ্চিত করেন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পক্ষ থেকেও চুক্তির বিষয়টি জানানো হয়।

জানা গেছে, আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই শান্তিচুক্তি সই হবে।

চুক্তির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। আমি হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধও অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি।’

আরেক পোস্টে তিনি লেখেন, ‘বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু করো। তেলের প্রবাহ চলুক।’

পরে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার লেবাননে ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে যখন যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির দ্বারপ্রান্তে, তখন এ ধরনের হামলা ‘নেতানিয়াহুর বিচার-বিবেচনাহীন’ পদক্ষেপ।

অন্যদিকে, ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, এই হামলার মাধ্যমে প্রমাণ হয়েছে যে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় ‘ইচ্ছা ও সক্ষমতা’ প্রদর্শন করতে পারেনি।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us