আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় ১৪ জুন রোববার দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে নেতানিয়াহুকে ‘খুবই কঠিন একজন মানুষ’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমাদের প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত। কারণ, ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরাইল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না।’
সদ্য ঘোষিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির আলোচনায় ইসরাইল অংশ নেয়নি। চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে দেশটির কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে তার প্রশাসনের এই সমঝোতা হরমুজ প্রণালিকে স্থায়ীভাবে টোলমুক্ত রাখার পথ তৈরি করবে।
তবে তিনি সতর্ক করে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে ওয়াশিংটন আবারও তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বিবেচনা করতে পারে।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন যে, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন হয়েছে।’ এ উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দনও জানান তিনি।
একইসঙ্গে ট্রাম্প জানান, হরমুজ প্রণালি টোলমুক্তভাবে উন্মুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী এক পোস্টে তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের পর আগামী শুক্রবার থেকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সব ধরনের সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।
অন্যদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর এর পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available