আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের আকাশসীমায় ইসরাইলের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। তবে এ দাবি আংশিক স্বীকার করলেও বিমানটির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইসরায়েল।
২১ মার্চ শনিবার আইআরজিসি জানায়, ইরানের মধ্যাঞ্চলের আকাশে অনুপ্রবেশকারী একটি এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ভূপাতিত করা হয়েছে। তাদের দাবি, গত তিন সপ্তাহে এটি তৃতীয় ইসরাইলি এফ-১৬, যা তারা ধ্বংস করেছে।


আইআরজিসির বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় ভোর ৩টা ৪৫ মিনিটে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া, চলমান সংঘাতে এখন পর্যন্ত ২০০টিরও বেশি শত্রুপক্ষের আকাশযান যেমন ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও উন্নত যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলেও দাবি করে তারা।

অন্যদিকে, ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের একটি যুদ্ধবিমানকে ইরানের ছোড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লক্ষ্য করেছিল। তবে এতে কোনো ক্ষতি হয়নি এবং পাইলটরা নিরাপদ রয়েছেন।
চলমান সংঘাতে গত ১৯ মার্চ বৃহস্পতিবার একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছিল ইরান, যদিও তা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরাইলি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে তেহরান।
এই সংঘাতের ২২তম দিনে এসে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ঈদুল ফিতর ও নওরোজের উৎসবকালেও মধ্যপ্রাচ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available