স্পোর্টস ডেস্ক: বর্ণিল আয়োজন, সংগীতের ঝলক আর ফুটবল উৎসবের উন্মাদনায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো ২০২৬ ফুটবল বিশ্বকাপ। মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে ১১ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকাপের ২৩তম আসরের পর্দা ওঠে।
বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের কোটি কোটি দর্শকের নজর ছিল সংগীত তারকা শাকিরা ও বার্না বয়ের দিকে। তারা প্রথমবারের মতো বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। আলো, নৃত্য, বিশেষ ভিজ্যুয়াল ইফেক্ট এবং বিশাল বিশ্বকাপ ট্রফির প্রতিরূপে সাজানো মঞ্চে তাদের পরিবেশনা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণে পরিণত হয়।
অনুষ্ঠানে আরও অংশ নেন কিংবদন্তি ইতালীয় টেনর আন্দ্রেয়া বোচেলি, ডিজে ও সংগীত প্রযোজক ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন, জে বালভিন, ড্যানি ওশান, টাইলা, বেলিন্ডা, লিলা ডাউনস, রক ব্যান্ড মানা এবং জনপ্রিয় কুম্বিয়া ব্যান্ড লস অ্যাঞ্জেলেস আজুলেস। মেক্সিকোর কিংবদন্তি শিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ জাতীয় সংগীত পরিবেশন করে দর্শকদের আবেগাপ্লুত করেন।

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—যৌথভাবে আয়োজন করছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। শুধু আয়োজক দেশের সংখ্যাতেই নয়, টুর্নামেন্টের পরিধিতেও এসেছে বড় পরিবর্তন। এবার প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে বিশ্বকাপে এবং মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১০৪টি।
এবারের বিশ্বকাপে আরেকটি নতুনত্ব হলো তিন আয়োজক দেশেই পৃথক উদ্বোধনী আয়োজন। মেক্সিকোতে প্রথম অনুষ্ঠানের পর কানাডা ও যুক্তরাষ্ট্রেও বিশেষ উদ্বোধনী উৎসবের আয়োজন করা হয়েছে, যা বিশ্বকাপ ইতিহাসে প্রথম।
ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামও গড়েছে অনন্য এক রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ভেন্যু হিসেবে তৃতীয়বারের মতো উদ্বোধনী ম্যাচ আয়োজনের গৌরব অর্জন করেছে এই স্টেডিয়াম। এর আগে ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপেরও গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করেছিল অ্যাজটেকা। ফুটবল কিংবদন্তি পেলে ও দিয়েগো মারাদোনার বিশ্বকাপ জয়ের স্মৃতিবিজড়িত এই মাঠে আবারও শুরু হলো বিশ্ব ফুটবলের নতুন এক অধ্যায়।

উদ্বোধনী অনুষ্ঠানের পর স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়ায় ২০২৬ বিশ্বকাপের প্রথম লড়াই। কাকতালীয়ভাবে ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। ১৬ বছর পর আবারও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে একে অপরের প্রতিপক্ষ হলো মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
ফুটবল, সংস্কৃতি ও সংগীতের অপূর্ব মেলবন্ধনে শুরু হওয়া এবারের বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে বড় ও বর্ণাঢ্য আসর হিসেবে দেখছেন আয়োজকরা। আগামী এক মাসের বেশি সময় ধরে বিশ্বের তিন দেশে চলবে ফুটবলের এই মহাযজ্ঞ।
সূত্র: রয়টার্স, ফিফা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available