কানাডায় উদ্বোধনী মঞ্চ মাতাতে প্রস্তুত নোরা ফাতেহি
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের অংশ হিসেবে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এই আয়োজনে অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন গ্লোবাল পারফর্মার নোরা ফাতেহি।বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার উদ্বোধনী ম্যাচের আগে আজ ১২ জুন শুক্রবার স্থানীয় সময় দুপুর ১:৩০ মিনিটে (জিএমটি ১৭:৩০) টরন্টো স্টেডিয়ামে শুরু হবে এই জমকালো অনুষ্ঠান।কানাডার বহুসাংস্কৃতিক বৈচিত্র্যকে কেন্দ্র করে সাজানো এই আয়োজনে নোরা ফাতেহি তার সাম্প্রতিক ফিফা অফিসিয়াল গান ‘সির সির’-এর সহশিল্পী ভেজিড্রিম এবং প্রযোজক সঞ্জয়ের সঙ্গে পারফর্ম করবেন। সংগীত ও নৃত্যের মিশেলে এই পরিবেশনা বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আয়োজকদের আশা।এবারের অনুষ্ঠানে আরও পারফর্ম করার কথা রয়েছে অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে এবং উইলিয়াম প্রিন্সের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের। পুরো আয়োজনটি সাজানো হয়েছে একটি কাউন্টডাউন থিমে, যেখানে কানাডার ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য ফুটে উঠবে।কানাডায় বেড়ে ওঠা নোরা ফাতেহির জন্য এই মঞ্চটি বিশেষভাবে আবেগঘন বলে মনে করা হচ্ছে। মরক্কো-কানাডিয়ান শিকড়ের সঙ্গে যুক্ত তার এই পারফরম্যান্স বিশ্বমঞ্চে তার আরেকটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া উৎসবের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করা তার ক্যারিয়ারের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন সংগীত ও বিনোদন বিশ্লেষকরা।সূত্র : আল জাজিরা