নিজস্ব প্রতিবেদক: ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা ঘাটতি রেখে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব করা হয়েছে। এবারের প্রস্তাবিত বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
১১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। এ সময় বাজেট ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, প্রস্তাবিত বাজেট ঘাটতির মধ্যে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস এবং ১ লাখ ১৬ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে অর্থায়ন করা হবে।
অভ্যন্তরীণ ঋণের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে বলে জানান অর্থমন্ত্রী। উল্লেখ্য যে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ খাত থেকে ঋণ নেওয়ার পরিমাণ ছিল ১ লাখ ১৮ হাজার কোটি টাকা। সে হিসেবে আগামী অর্থবছরে ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণ ৬ হাজার কোটি টাকা কমানোর প্রস্তাব করা হয়েছে।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, অতীতে ব্যাপক ঋণ গ্রহণের ফলে বর্তমানে ঋণ পরিশোধ ও সুদ পরিশোধ বাবদ সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর প্রভাব বাজেট ঘাটতির ওপরও পড়েছে।
তিনি জানান, ২০০৫-০৬ অর্থবছরে বাজেট ঘাটতি ছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৯ শতাংশ। পরবর্তী সময়ে তা বেড়ে ২০২৩-২৪ অর্থবছরে জিডিপির ৪ দশমিক ৫ শতাংশে পৌঁছায়। এবার বাজেট ঘাটতি দেশের জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ।
এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ঋণ ব্যবস্থাপনা সংস্কার, উচ্চ রিটার্নসমৃদ্ধ খাতে সরকারি বিনিয়োগ এবং প্রকল্প বাস্তবায়ন কাঠামোর আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে বিনিয়োগের গুণগত মান নিশ্চিত করা, অর্থের প্রবাহ বৃদ্ধি এবং অর্থনীতিতে ইতিবাচক বহুগুণ (মাল্টিপ্লায়ার) প্রভাব সৃষ্টি করা সম্ভব হবে। ফলে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available