বিনোদন ডেস্ক: ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) সেরা ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) বিভাগের শীর্ষ ২০ সিনেমার প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছে ভারতীয় মহাকাব্যনির্ভর চলচ্চিত্র ‘রামায়ণ’। নিতেশ তিওয়ারি পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত সিনেমাটি হলিউডের ‘ডিউন: পার্ট থ্রি’, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘দ্য ওডিসি’ ও ‘প্রজেক্ট হেইল মেরি’র মতো বড় বাজেটের ছবির সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যাকাডেমির ভিজ্যুয়াল ইফেক্টস শাখা থেকে সংশ্লিষ্ট দলগুলোকে শীর্ষ ২০-এ জায়গা পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। তবে অ্যাকাডেমি এখনও এ প্রাথমিক তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ বা নিশ্চিত করেনি।
‘রামায়ণ’-এর ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ করেছে খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএনইজি (DNEG)। এর আগে ‘ডিউন’ ও ‘ইন্টারস্টেলার’-এর মতো সিনেমায় কাজ করে প্রতিষ্ঠানটি ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে আটটি অস্কার জিতেছে।
প্রাথমিক এই তালিকায় আরও স্থান পেয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, স্টিভেন স্পিলবার্গের ‘ডিসক্লোজার ডে’, ‘সুপারগার্ল’, ‘স্টার ওয়ার্স: দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’, ‘গডজিলা মাইনাস জিরো’, ‘মোয়ানা’ এবং ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’।
তালিকায় সর্বোচ্চ চারটি সিনেমা নিয়ে শীর্ষে রয়েছে ডিজনি। অন্যদিকে সনি পিকচার্সের রয়েছে তিনটি সিনেমা, যার মধ্যে ‘রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড’ ও ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ অন্তর্ভুক্ত।
এর আগে ৯৫তম অস্কারের ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের শীর্ষ ২০-এ জায়গা করে নিয়েছিল এসএস রাজামৌলির ‘আরআরআর’, যদিও সিনেমাটি শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন পায়নি।
অস্কারের পরবর্তী ধাপে আগামী ৭ থেকে ১১ ডিসেম্বর প্রাথমিক ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ১৫ ডিসেম্বর এই বিভাগের চূড়ান্ত ১০টি সিনেমার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর জানুয়ারিতে নির্বাচিত সিনেমাগুলোর ভিজ্যুয়াল ইফেক্টস উপস্থাপনা শেষে ২০২৭ সালের ২১ জানুয়ারি চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে।
আগামী বছরের ১৪ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে বসবে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মূল আসর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available