• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:২০:৫১ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ

২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৩৪

হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৫ নভেম্বর বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। খবর রয়টার্সের।

বিবৃতিতে জানানো হয়, জাহাজ দুটি হরমুজ প্রণালির একটি অননুমোদিত রুট ব্যবহার করে চলাচলের চেষ্টা করছিল। এ সময় সেগুলো নৌমাইনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে এবং জাহাজগুলোতে আগুন ধরে যায়।

এদিকে, বুধবার পৃথক এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, হরমুজ প্রণালিতে নজরদারি ও নিয়ন্ত্রণ আরও জোরদার করতে সামরিক বাহিনী নতুন কিছু ব্যবস্থা মোতায়েন করেছে এবং আগের ব্যবস্থাগুলো আধুনিকায়ন করা হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প

তিনি সতর্ক করে আরও জানান, ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় না করে যেসব জাহাজ প্রণালিটি অতিক্রমের চেষ্টা করছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেগুলোই বেশি ঝুঁকির মুখে পড়ছে এবং নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অন্যদিকে, তেহরান স্পষ্ট জানিয়েছে যে তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করা হবে না। ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—দেশটির বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং সব ফ্রন্টে চলমান যুদ্ধের অবসান।

এ ছাড়া কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো এক প্রস্তাবে ইরান জানিয়েছে, ওয়াশিংটন তাদের শর্তগুলো মেনে নিলে ৪৮ ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।

আরও পড়ুন

রাসায়নিক অস্ত্র তৈরি করছে ইরান, দাবি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৩৪