বিনোদন ডেস্ক: নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ। গত তিন দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পারিবারিক একাধিক সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে অভিনয় শিল্পী সংঘ।
সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মামুনুর রশীদ বর্তমানে ল্যাবএইড হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর আগেও গুরুতর অসুস্থ অবস্থায় তাকে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন এই গুণী শিল্পী। সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার দুই ফুসফুসে নিউমোনিয়া এবং রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে থাকার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ এবং পরবর্তীতে আবারও অভিনয়ে যুক্ত হন।
পাঁচ দশকের বর্ণাঢ্য কর্মজীবন ও পরিচিতি
১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। তার বাবা হারুনুর রশীদ ও মা রোকেয়া খানম। শৈশব থেকেই অভিনয়ের প্রতি অনুরাগ ছিল তার; স্কুলজীবনে নাটকে অভিনয়ের মাধ্যমে শুরু হয় পথচলা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নকালে নাট্যচর্চায় আরও সক্রিয় হন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র তিন মাধ্যমেই পাঁচ দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন তিনি। ষাটের দশকে টেলিভিশনের জন্য নাটক লেখার মধ্য দিয়ে তার নাট্যকার জীবন শুরু হয়; তার লেখা প্রথম টেলিভিশন নাটক ‘চেনামুখ’।
স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশের নাট্যচর্চাকে বেগবান করতে তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় অন্যতম নাট্যদল ‘আরণ্যক’।
আরণ্যক নাট্যদলের উল্লেখযোগ্য প্রযোজনার মধ্যে রয়েছে-
‘ওরা কদম আলী ’
‘ইবলিশ’
‘সংক্রান্তি’
‘ রাঢ়াং’
‘চে’র সাইকেল’
মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও সমানভাবে প্রশংসিত মামুনুর রশীদ। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available