নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, প্রচার-প্রচারণা ও সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় নাশকতা, সহিংসতা ও সরকারবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে ফতুল্লা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামের সামনে পাকা সড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে কয়েকজনের একত্রিত হওয়ার খবর পায় পুলিশ।
পরে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ১৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. রাজু (৩৯), মো. সিয়াম (২২), মো. রাসেল বাবু (৩৫), জয় দাস (২৫), মো. মেহেদী হাসান (২১), মো. লিটন (৪২), মো. হুমায়ন আহম্মেদ (৪০), মো. দিন ইসলাম নয়ন (২১), মো. সুমন (২০), মো. সিফাত (২১), মো. হাসান জামিল (২১), মেহেদী হাসান মাহিন (২০), মো. জাহাঙ্গীর আলম (২৩), মো. অভি (১৭), মো. আব্দুল্লাহ (১৭) ও মো. ফেরদৌস (১৬)।
পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বয়স ১৮ বছরের নিচে। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, প্রচার-প্রচারণা, একত্রিত হয়ে সরকারবিরোধী কর্মকাণ্ড এবং অপরাধ সংঘটনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, এই অভিযান চলমান রয়েছে এবং চলবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available