• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৪৭:০৫ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫১:৪৫

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে শুক্রবার স্বর্ণের দাম সামান্য বেড়েছে। তবে শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘ সময় সুদহার উচ্চ পর্যায়ে রাখতে পারে—এমন প্রত্যাশায় চলতি সপ্তাহে মূল্যবান ধাতুটির দাম প্রায় ২ শতাংশ কমার পথে রয়েছে।

২৫ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টা পর্যন্ত স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৮৮ দশমিক ৩৬ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৩ দশমিক ১০ ডলারে ওঠে।

এদিকে চলতি সপ্তাহে মার্কিন ডলারের দরও বাড়ার পথে রয়েছে। এতে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলক ব্যয়বহুল হয়ে উঠছে। পাশাপাশি মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফাও বেড়েছে।

ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, বাজারের নজর এখন সুদহারের গতিপথের দিকে। ফেডারেল রিজার্ভ আরও কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে পারে—এমন প্রত্যাশা বাড়লে ডলার শক্তিশালী হয়, যা সাধারণত স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও সুদহার বাড়ানোর প্রয়োজন হতে পারে—ফেডের দুই নীতিনির্ধারকের এমন বক্তব্যের পর উচ্চ সুদহার দীর্ঘ সময় বহাল থাকার প্রত্যাশা জোরালো হয়েছে। এর আগে গত সপ্তাহে ফেড নীতিনির্ধারণী সুদহার এক-চতুর্থাংশ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছিল।

ফিলাডেলফিয়া ফেডের প্রেসিডেন্ট আনা পলসন বলেন, মূল্যস্ফীতি ২ শতাংশে ফিরিয়ে আনা সর্বোচ্চ অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় নীতিপথকে তিনি সমর্থন করবেন। তবে শ্রমবাজারের ঝুঁকিও বিবেচনায় রাখা হবে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামসও আরও কঠোর মুদ্রানীতির ইঙ্গিত দিয়েছেন।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হলেও সুদহার বাড়লে সুদ বা মুনাফা পাওয়া সম্পদের আকর্ষণ বাড়ে। এতে স্বর্ণের চাহিদার ওপর চাপ তৈরি হতে পারে।

তবে জে. রোটবার্ট অ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা জোশুয়া রোটবার্ট বছরের বাকি সময়ে স্বর্ণের বাজার নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছেন। তার মতে, চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং বাড়তে থাকা সরকারি ঋণের কারণে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা অব্যাহত থাকতে পারে।

এদিকে স্পট রুপার দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ৮১ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫৬ দশমিক ৯০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ২৫৭ দশমিক ৫৬ ডলারে দাঁড়িয়েছে। তিন ধাতুর দামই চলতি সপ্তাহে কমার পথে রয়েছে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৮
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৮
২৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৫৩



বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫১:৪৫


ভোলাহাট সীমান্তে ইয়াবাসহ দুই ভাই আটক
ভোলাহাট সীমান্তে ইয়াবাসহ দুই ভাই আটক
২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩১:১৭