অনলাইন ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়িতে অবৈধভাবে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. কাইয়ুম চৌধুরী। সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের সুজন মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
সুজন মিয়া ওই গ্রামের শামছুল হকের ছেলে। ৪৭ বস্তা সারের মধ্যে রয়েছে ৭ বস্তা ইউরিয়া, ২০ বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি
ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সকালে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের সুজন মিয়ার বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার বাড়িতে অবৈধভাবে মজুত করা ৪৭ বস্তা সার পেয়ে জব্দ করা হয় এবং তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. কাইয়ুম চৌধুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে। দূরবর্তী এলাকায় হওয়ায় জব্দ করা সারগুলো উদ্ধার করে একজন অনুমোদিত ডিলারের ঘরে রাখা হয়েছে। সময় করে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ বলেন, নিয়মবহির্ভূতভাবে সার মজুতের কোনো সুযোগ নেই। অভিযানে অবৈধভাবে মজুত করা ৪৭ বস্তা সার পাওয়া গেছে। সারগুলো জব্দ করা হয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available