আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিপ্লবী গার্ড বৃহস্পতিবার ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ অভিহিত করে একে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকেও মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা।
বিপ্লবী গার্ড তাদের সরকারি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘এই ঐতিহাসিক বিজয়ের জন্য গর্বিত ইরাকি জাতি, ইসলামী প্রতিরোধের ঐক্যবদ্ধ ফ্রন্ট ও ইসলামী বিশ্বের বিপ্লবী যোদ্ধাদের অভিনন্দন জানাই।’
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বুধবার ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে ২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় মোতায়েন করা মার্কিন নেতৃত্বাধীন জোট আনুষ্ঠানিকভাবে তাদের মিশন শেষ ও সেনা প্রত্যাহার করে।
২০১৭ সালে ইরাকে ও ২০১৯ সালে সিরিয়ায় আইএস পরাজিত হয়। তবে আইএসের অবশিষ্ট সদস্যদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে জোটের সেনারা সেখানে থেকে যায়।
ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা হিসেবে পরিচিত বিপ্লবী গার্ডের বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই অঞ্চলটি ছেড়ে যেতে হবে এবং নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব সংশ্লিষ্ট দেশগুলোর ওপর ছেড়ে দিতে হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘দুই দশকের দখলদারিত্ব প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি কোনো নিরাপত্তা বয়ে আনেনি, বরং পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতা, সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতার মূল উৎস ছিল এই উপস্থিতি।’
২০২৪ সালে বাগদাদ ও ওয়াশিংটন জোটের মিশন ধীরে ধীরে বন্ধ করার বিষয়ে একমত হয়। এরপর দেশটির বিভিন্ন ঘাঁটি থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করা হয়। একপর্যায়ে তাদের উপস্থিতি স্বায়ত্তশাসিত উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলে সীমিত হয়ে পড়ে।
এদিকে ইরাক সরকার বলেছে, এই জোটের সেনা প্রত্যাহারের ফলে ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলো অস্ত্র ধরে রাখার যে অজুহাত ব্যবহার করে আসছিল, তা আর থাকবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available