ডেস্ক রিপোর্ট: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় এই মৌসুমের সর্বোচ্চ ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জেলার নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা আরও বেড়েছে।
আজ ৯ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বন্যাপূর্বাভাস সেল এ তথ্য জানায়।
এর আগে ৮ জুলাই বুধবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী তিন দিনের মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেয়।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সুনামগঞ্জে ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।
এদিকে ভারী বর্ষণের পাশাপাশি ভারতের মেঘালয়েও বৃষ্টিপাত অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পানিতে জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পাচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. ইমদাদুল হক জানান, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ৫১ সেন্টিমিটার বেড়ে ৭ দশমিক ২০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ছাতক পয়েন্টে পানি ৪৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৮ দশমিক ১৭ মিটার উচ্চতায় পৌঁছেছে।
তিনি আরও জানান, লাউড়েরগড় পয়েন্টে একই সময়ে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে নদীর পানি ১১৩ সেন্টিমিটার বেড়ে ৮ দশমিক ৫০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। নদ-নদীর পানি এভাবে বাড়তে থাকলে জেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: কালের কণ্ঠ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available