অনলাইন ডেস্ক: বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা–মিশর ম্যাচের রেফারিং নিয়ে বিতর্কের জেরে নোয়াখালীতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক তরুণ। ম্যাচে পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে তিনি ফিফা সভাপতি, ম্যাচ রেফারিসহ ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি।
৮ জুলাই বুধবার রাতে তিনি সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ জমা দেন। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি তাদের আইনগত এখতিয়ারের বাইরে হওয়ায় অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়নি।
অভিযোগকারী মো. রাকিব (২২) নোয়াখালী সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা।
লিখিত অভিযোগে রাকিব উল্লেখ করেন, মঙ্গলবার রাতে স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় তিনি আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপের ম্যাচটি দেখছিলেন। তার অভিযোগ, ম্যাচ চলাকালে রেফারি একতরফা ও পক্ষপাতমূলক সিদ্ধান্ত দিয়ে একটি দলকে সুবিধা দিয়েছেন, যার ফলে তার সমর্থিত দল মিসর পরাজিত হয়েছে।
অভিযোগে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচের ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং সংশ্লিষ্ট আরও ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন।
রাকিব বলেন, ম্যাচে অন্যায্য পেনাল্টি প্রদান, বৈধ গোল বাতিল এবং মিসরের খেলোয়াড় ও কোচিং স্টাফের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্তের মাধ্যমে ম্যাচের ফলাফল প্রভাবিত করা হয়েছে। এতে তিনি এবং মিসরের অসংখ্য সমর্থক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই তিনি ফিফার কাছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
রাকিব বলেন, ম্যাচটি দেখার পর তিনি এবং তার সঙ্গে থাকা অন্য সমর্থকেরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার ভাষ্য, ঘটনার বিচার হওয়া উচিত। যেহেতু পুলিশ অভিযোগটি গ্রহণ করেনি, তাই তিনি একই অভিযোগ নিয়ে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রয়োজন হলে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচিও পালন করবেন বলে জানান তিনি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই তরুণ লিখিত অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন। তবে আন্তর্জাতিক ক্রীড়া সংক্রান্ত এ ধরনের বিষয়ে স্থানীয় থানার কোনো আইনগত এখতিয়ার নেই। বিষয়টি তাকে বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available