• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৪০:৪১ (09-Jul-2026)
  • - ৩৩° সে:

আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

৯ জুলাই ২০২৬ দুপুর ০১:৩৬:২৬

আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা সরকারের রাজনৈতিক অঙ্গীকার। তবে তত্ত্বাবধায়ক সরকার নাকি অন্তর্বর্তী সরকার এ বিষয়ে সব শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, জুলাই সনদকে প্রাধান্য দিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, ‘রায়ে ৫৪টি বিষয়ে নির্দেশনা রয়েছে। জুলাই সনদকে গুরুত্ব দিয়ে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রায়ের মাধ্যমে অন্তত চারটি ক্ষেত্রে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় এবং জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই রায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জাতীয় সংসদের আগামী অধিবেশনেই জাতীয় মানবাধিকার কমিশন আইন উত্থাপন করা হবে।’

এর আগে বৃহস্পতিবার সকালে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর আইনজীবীরা জানান, এ আদেশের ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান পুনর্বহাল হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। পরবর্তীতে ৩ নভেম্বর রিটকারী সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী ড. শরীফ ভূঁইয়া লিভ টু আপিল দায়ের করেন। আপিলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ বাতিলের আবেদন জানানো হয়।

এরও আগে, গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করেন এবং একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান পুনর্বহাল করেন। তবে ওই রায়ে পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল করা হয়নি।

সূত্র: সময়

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us