ডেস্ক রিপোর্ট: তিন দিনের মধ্যে ঢাকা শহরে অটোরিকশা চলাচল বন্ধ করার বিষয়ে সড়ক ও সেতুমন্ত্রীর হুঁশিয়ারির প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে সড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকেরা। এতে মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীগামী সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
১১ অক্টোবর রোববার সকাল ১০টার দিকে মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন চালকেরা।
অবরোধে অংশ নেওয়া এক অটোরিকশাচালক বলেন, সড়কে গাড়ি চালাতে না দেওয়া এবং কোনো কারণ ছাড়াই গাড়ি জব্দ করে ডাম্পিংয়ে পাঠানোর প্রতিবাদে তারা সড়কে নেমেছেন। ইউটার্ন নেওয়ার সময়ও তাদের গাড়ি জব্দ করা হচ্ছে। পরে গাড়ি ছাড়াতে গেলে নানা অজুহাতে ঘোরানো হয়, কিন্তু গাড়ি ফেরত দেওয়া হয় না।
তিনি বলেন, কয়েকজন চালক গাড়ি ছাড়ানোর কাগজ হাতে নিয়ে ঘুরছেন। নির্ধারিত দিনে গাড়ি ফেরত দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এ ধরনের হয়রানির প্রতিবাদেই তারা অবরোধ করতে বাধ্য হয়েছেন।
ওই চালক আরও বলেন, অনেকেই ঋণ করে অটোরিকশা কিনেছেন। গাড়ি আটকে রাখায় তারা ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না। এতে পরিবার নিয়ে সংকটে পড়েছেন তারা।
অবরোধে অংশ নেওয়া আরেক চালক বলেন, পুরো শহরে অটোরিকশা চালানোর দাবি তাদের নয়। যেসব সড়কে চলাচলের অনুমতি রয়েছে, সেসব সড়কে গাড়ি চালানোর সুযোগ চান তারা।
তিনি বলেন, মিরপুর সড়কে অটোরিকশা চলাচল করতে দেওয়া হয় না, তাই তারা সেখানে যান না। কিন্তু এখন ধানমন্ডির সড়কেও চলাচলে বাধা দেওয়া হচ্ছে। ওই সড়কে গেলেই গাড়ি জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
চালকদের অবরোধের কারণে মোহাম্মদপুর চার রাস্তার মোড় ও আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ওই পথে চলাচলকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available