ডেস্ক রিপোর্ট: রাঙামাটির সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। অবরোধের কারণে বাঘাইহাট থেকে সাজেকে পর্যটকবাহী যান চলাচল বন্ধ রয়েছে।
১১ অক্টোবর রোববার সকাল থেকে অবরোধের সমর্থনে সাজেক সড়কের বিভিন্ন স্থানে পিকেটিং করেন কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা। এ সময় গঙ্গারাম বাজার, রেতকারা মুখ, দোপাতাছড়া ও উজোবাজারসহ সড়কের বিভিন্ন স্থানে গাছ ও টায়ার জ্বালানো হয়।
অবরোধ চলায় রাঙামাটির বাঘাইহাট থেকে সাজেকে কোনো পর্যটকবাহী গাড়ি যাতায়াত করেনি।
এর আগে ১০ অক্টোবর শনিবার সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক যৌথ বিবৃতিতে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেন।
স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, গত এক মাস ধরে সাজেকে পাহাড়ের দুটি সশস্ত্র আঞ্চলিক সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্থিরতা চলছে। এ সময় বিভিন্ন এলাকায় সংগঠন দুটির মধ্যে কয়েক দফা গোলাগুলির ঘটনাও ঘটেছে।
গত ২৯ সেপ্টেম্বর সাজেক ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে সঞ্জিতা ত্রিপুরা নামে এক শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
স্থানীয় সূত্রের দাবি, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (মূল) ও জেএসএসের (সন্তু) মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ অস্থিরতা তৈরি হয়েছে। এ ছাড়া অবরোধের পেছনে ইউপিডিএফের (মূল) ইন্ধন ও চাপ রয়েছে বলে কয়েকটি সূত্র দাবি করেছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available