• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:২০:৩৩ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ছিনতাই, ৪ প্রতারক গ্রেফতার

১৫ জুলাই ২০২৬ দুপুর ০১:৫০:২৪

ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ছিনতাই, ৪ প্রতারক গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ডাবের পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে অটোরিকশা, টাকা-পয়সা ও অন্যান্য মালামাল হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি অটোরিকশা, একটি মোটরসাইকেল, আটটি মোবাইল ফোন, নগদ ১১ হাজার ৪৩০ টাকা এবং ঘুমের ওষুধ জব্দ করা হয়।

১৪ জুলাই মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নওগাঁ জেলা পুলিশ। এর আগে বগুড়া ও গাইবান্ধা জেলায় টানা ১৮ ঘণ্টার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার লোহাইমুড়ি এলাকার মন্ত মিয়ার ছেলে ইব্রাহীম ওরফে ইমন (৩৪), বরগুনার খেজুরতলা এলাকার ইসাইল হোসেনের ছেলে হুমায়ন কবির (৫০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ফুলদিঘি পূর্বপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে খাজা মিয়া (৫৬) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জিরাই এলাকার ছই মুদ্দিনের ছেলে আব্দুল গফুর (৪১)।

পুলিশ জানায়, গত ১০ জুলাই সকালে নওগাঁ সদর হাসপাতালে রোগী দেখানোর কথা বলে এক ব্যক্তি একটি অটোরিকশা রিজার্ভ ভাড়া করেন। হাসপাতালে পৌঁছানোর পর আরও দুই ব্যক্তি নবজাতকের জন্ম উপলক্ষে মিষ্টি খাওয়ানোর মাধ্যমে চালকের সঙ্গে সখ্য গড়ে তোলেন। পরে তারা চালককে একটি ডাব খেতে দেন। অভিযোগ রয়েছে, ওই ডাবের পানিতে আগে থেকেই চেতনানাশক ওষুধ মেশানো ছিল। ডাবের পানি পান করার পর চালক অচেতন হয়ে পড়লে প্রতারকরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ, অপরাধীদের তথ্যভান্ডার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। পরে বগুড়া ও গাইবান্ধা জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেফতার ইব্রাহীম ও হুমায়নের বিরুদ্ধে হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ডাবের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে এবং বিভিন্ন কৌশলে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা-পয়সা ও মালামাল হাতিয়ে আসছিল। অপর দুই আসামি খাজা মিয়া ও আব্দুল গফুর প্রতারণার মাধ্যমে নেওয়া সম্পদ কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us