• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ফাল্গুন ১৪৩২ সকাল ১১:০৬:৩০ (08-Mar-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ, আহত ১

৮ মার্চ ২০২৬ সকাল ০৯:২৪:৪৫

কুষ্টিয়ায় বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ, আহত ১

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর ব্যক্তিগত অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় শুকুর আলী নামে এক চায়ের দোকানি গুলিবিদ্ধ হন।

৭ মার্চ শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে ৪-৫ জন দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর অফিসের দিকে আসে। এ সময় তারা উপজেলা যুবদল নেতা ও বালু ব্যবসায়ী উজ্জ্বলকে খুঁজতে থাকে। পরে ডাবলুর অফিস লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি করে ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এতে অফিসের পার্শ্ববর্তী স্থানীয় চায়ের দোকানদার শুকুর আলী গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

Ad

ভেড়ামারার ব্যবসায়ী আবুল হোসেন বলেন, শনিবার সারা দিনই বালুঘাটের পরিস্থিতি নিয়ে ভেড়ামারার অবস্থা উত্তপ্ত ছিল। সকালে উপজেলার বাহাদুরপুরে বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। দুপুরের পর বাহিরচর ইউনিয়নের টিকটিকি পাড়ার বালুঘাটে বিএনপির একটি পক্ষ অন্য পক্ষের অফিস ভাঙচুর করে। এ সময় একটি পেলুটারসহ বেশ কয়টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে। সম্ভবত আগের ঘটনার প্রতিফলনই রাতে ঘটেছে।

গুলিবিদ্ধ চা দোকানি শুকুর আলী বলেন, হঠাৎ করে ছোট একটি গুলি এসে আমার গলায় লাগে। বেশ কয়েকজন দুর্বৃত্ত গুলি ও ককটেল বিস্ফোরণ করে স্থান ত্যাগ করে।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডাবলু বলেন, আমার অফিসে দুর্বৃত্তরা গুলি ও ককটেল ছুড়েছে। চা দোকানি শুকুর আলী গুলিবিদ্ধ হয়েছেন। তারা আমার অফিস গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। আমি রাজনীতির পাশাপাশি প্রথম শ্রেণির ঠিকাদার। শত্রুতাবশত কেউ এমন কাজ করেছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ভেড়ামারার দক্ষিণ রেলগেট এলাকায় দুর্বৃত্তরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে একজন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পুলিশ দুর্বৃত্তদের ধরার জন্য কাজ করছে।

তিনি বলেন, আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us