নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জামাল হোসেন ফুলন নামে স্বর্ণ ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। ৫ আগস্ট বুধবার রাতে যশোর জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
৫ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নওগাঁ জেলা পুলিশের মিডিয়া সেলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান।
গ্রেফতার জামাল হোসেন যশোর জেলার কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘গত ৩০ জুলাই আনুমানিক ১১টার দিকে স্বর্ণ ব্যবসায়ী সুভাষ পালের নিকট থেকে কিছু স্বর্ণ অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা নওগাঁ শহরের তাজের মোড়ে মাইক্রোবাস দিয়ে তার গতিরোধ করে ছিনতাই করে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সদর থানার অফিসার ইনচার্জ এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা নির্দেশনা প্রদান করি।’
তিনি বলেন, ‘পরবর্তীতে সদর থানায় মামলা রুজু হওয়ার পর আমার তত্ত্বাবধানে ডিবির ইনচার্জের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে ছিনতাই কাজে ব্যবহৃত গাড়িটি সনাক্ত করা হয়।’
তিনি আরও বলেন, ‘গত ৩ আগস্ট থেকে টানা দুই দিনের অভিযানে যশোর জেলা পুলিশের সহায়তায় যশোর থেকে ছিনতাই চক্রের অন্যতম সদস্য গাড়ি চালক জামাল হোসেন ফুলনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। জামাল হোসেনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চারজনের একটি চক্র এই কাজে জড়িত।’
এসপি বলেন, এই চক্রটি একটি কালো মাইক্রোবাস নিয়ে ঢাকা থেকে স্বর্ণ ব্যবসায়ী সুভাষ পালকে অনুসরণ করে। সুভাষ পাল যখন ঢাকা কল্যাণপুর থেকে শ্যামলী পরিবহনে নওগাঁ উদ্দেশ্যে রওনা হন, তখন থেকেই ছিনতাইকারী চক্র শ্যামলী গাড়িটিকে অনুসরণ করে। নওগাঁ এসে গাড়ি থেকে নামার পর ছিনতাইকারীরা তাদের সেই মাইক্রোবাস ব্যবহার করে তাজের মোড় এলাকা থেকে সুভাষ পালের হাতের ব্যাগে থাকা প্রায় ১৪ ভরি সোনা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।’
পুলিশ সুপার বলেন, ঘটনার পর পরই পুলিশ ব্যাপকভাবে নওগাঁ শহরের বিভিন্ন রাস্তায় তল্লাশি শুরু করে, তখন ছিনতাইকারীরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে চলে যায়। গ্রেফতার জামাল হোসেন ফুলন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। অপর আসামিদের গ্রেফতার এবং স্বর্ণ উদ্ধারে জেলা পুলিশের প্রচেষ্টা অব্যাহত আছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available