ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কার্য সহকারী সমর সাহাকে ফেসবুকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
৫ আগস্ট বুধবার তাকে বাগেরহাটের মোংলা উপজেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়।
মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নুর মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সমর সাহাকে মাধবপুর থেকে মোংলায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার-সংক্রান্ত একটি ফটোকার্ড প্রকাশিত হয়। ওই পোস্টে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সমর সাহা মন্তব্য করেন, “দেশ আর সাধারণ মানুষের স্বাধীনতা আপনারা কিনে নিলেন নাকি?”
মন্তব্যটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সরকারি কর্মচারীর এমন প্রকাশ্য মন্তব্যের উপযুক্ততা নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, সমর সাহাকে স্ট্যান্ড রিলিজ করার বিষয়টি তিনি জেনেছেন।
এদিকে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল এবং জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি পৃথক বক্তব্যে প্রশাসনে আওয়ামী লীগের সমর্থকদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available