স্পোর্টস ডেস্ক: লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) এক ম্যাচ পর আবারও জয়ের ধারায় ফিরেছে জাফনা কিংস। বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তাওহীদ হৃদয়ের দারুণ ব্যাটিং এবং সাকিব আল হাসানের কার্যকর বোলিংয়ে ক্যান্ডি রয়্যালসকে ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে দলটি।
২৬ জুলাই রোববার রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জাফনা কিংস।
দলের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন উদ্বোধনী জুটির দুই ব্যাটার কামিল মিশারা ও আভিশকা ফার্নান্দো। দুজন মিলে ৭৭ বলে ১২৯ রানের জুটি গড়েন। মিশারা ৫৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৮ রান করেন। অন্যদিকে, আভিশকা ৩৬ বলে ১০ চার ও ২ ছক্কায় ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন।
আভিশকার বিদায়ের পর তিন নম্বরে ব্যাট করতে নেমে শুরুতে ধীরগতিতে খেলেন তাওহীদ হৃদয়। প্রথম ১৪ বলে তার সংগ্রহ ছিল ১৪ রান। এরপর ইনিংসের শেষদিকে গতি বাড়িয়ে গুরুত্বপূর্ণ রান যোগ করেন তিনি। ১৯তম ওভারে শাহিন শাহ আফ্রিদিকে বাউন্ডারি হাঁকানোর পর শেষ ওভারেও দুটি চার ও একটি ছক্কাসহ দারুণ ফিনিশিং করেন।
হৃদয় ২১ বলে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে অপরাজিত ৩৫ রান করেন। তার ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে জাফনা কিংস।
২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জাফনার বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি ক্যান্ডি রয়্যালস। মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় দলটি।
ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বল হাতে অবদান রাখেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ৩ ওভার বল করে ১৮ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন।
চলতি লঙ্কা প্রিমিয়ার লিগে এটি সাকিব আল হাসানের চতুর্থ ম্যাচ এবং তাওহীদ হৃদয়ের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচেই ব্যাট হাতে কার্যকর ইনিংস খেলে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হৃদয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available