নাটোর প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নাটোরের নলডাঙ্গা উপজেলার তিনজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।
৯ আগস্ট রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াদের মুসাসা এলাকার একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে। এতে ১৬ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের বাড়ি নাটোরের নলডাঙ্গায়।
নলডাঙ্গার নিহতরা হলেন, উপজেলার খাজুরা ইউনিয়নের দীঘির পাড় গ্রামের মো. জাকির আলীর ছেলে মো. শামীম হোসেন(৩৫), খাজুরার শ্রীপুর পাড়ার মো. গোলাম রাব্বানীর ছেলে মো. সাব্বির আহমেদ শুভ(৩০), মহিশডাঙ্গা গ্রামের মো. আসলাম হোসেনর ছেলে মো. রবিউল আউয়াল হৃয় (২৫)।
খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিন যুবকই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পরিবারের মুখে হাসি ফোটাতে কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। তারা রিয়াদের খোরদাম শহরের একটি সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন। রোববার বিকেলে ওই কারখানায় হঠাৎ আগুন লাগে এবং তা দ্রুত ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। কারখানার ভেতরে কর্মরত অবস্থায় আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান খাঁন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available