বিনোদন ডেস্ক: কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প ও তাঁর সাহিত্যকর্মে ব্যবহৃত গানের সমন্বয়ে মঞ্চে আসছে বিশেষ শ্রুতি প্রযোজনা ‘চাঁদনী পসরে’। আগামী ১৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক আবৃত্তি সংগঠন স্বরকল্পন আবৃত্তিচক্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক দেশ রূপান্তর।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহা. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বরকল্পন আবৃত্তিচক্রের অধিকর্তা শহীদূল হক মিল্কী।
অনুষ্ঠানটির নির্দেশনায় রয়েছেন নির্মাতা জাহিদুর রহমান। এতে হুমায়ূন আহমেদের ছোটগল্পের সাহিত্যিক আবেদন এবং তাঁর লেখায় ব্যবহৃত গানের আবহ আবৃত্তি ও শ্রুতিনির্ভর পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হবে।
বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ তাঁর স্বতন্ত্র লেখনশৈলী, সহজ-সরল ভাষা ও জীবনঘনিষ্ঠ গল্পের জন্য বিশেষভাবে পরিচিত। তাঁর রচনায় প্রেম, বিরহ, মানবিক সম্পর্ক, প্রকৃতি ও মানুষের মনোজগতের নানা অনুভূতি উঠে এসেছে। গল্পের চরিত্র, সংলাপ ও অনন্য বর্ণনাভঙ্গির মধ্য দিয়ে তিনি কয়েক প্রজন্মের পাঠকের কাছে সমানভাবে জনপ্রিয়।
আয়োজকদের প্রত্যাশা, আবৃত্তি ও সংগীতের সম্মিলিত পরিবেশনায় হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম নতুনভাবে উপস্থাপিত হবে। এর মধ্য দিয়ে দর্শক-শ্রোতারা ভিন্নধর্মী সাংস্কৃতিক অভিজ্ঞতা লাভের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যেও তাঁর সাহিত্যকর্মের প্রতি আগ্রহ বাড়বে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available