সিলেটে ধর্মঘট প্রত্যাহার
সিলেট প্রতিনিধি: প্রশাসনের সাথে বৈঠকের পর সিলেটে জ্বালানি ধর্মঘট প্রত্যাহার করেছেন পেট্রোল পাম্প মালিকরা। টানা ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর বিভাগজুড়ে আবারও শুরু হয়েছে তেল ও গ্যাস বিক্রি। জেলা প্রশাসকের কার্যালয়ে ফলপ্রসূ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।অবশেষে স্বস্তি ফিরল সিলেটে। প্রশাসনের হয়রানি ও জরিমানার নামে চাঁদাবাজির প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন মালিকরা।বুধবার দিবাগত রাত ১২টা থেকে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় পুরো বিভাগের জ্বালানি সরবরাহ ব্যবস্থা। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ও ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশনের ডাকে এই কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়ে যোগাযোগব্যবস্থা।পাম্প মালিকদের অভিযোগ: পাম্প মালিকদের অভিযোগ ছিল, প্রশাসনের অতিউৎসাহী কিছু কর্মকর্তা জরিমানার আড়ালে দীর্ঘদিন ধরে তাদের হয়রানি করে আসছিলেন। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কাজ বন্ধ রেখেছিলেন ট্যাংক লরি শ্রমিক ও এলপিজি স্টেশনের কর্মীরাও।হঠাৎ এই ধর্মঘটে মধ্যরাত থেকেই চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার চালক ও সাধারণ মানুষ। তেল না পেয়ে পাম্পগুলোতে দীর্ঘ লাইন আর ক্ষোভ দেখা দেয় জনমনে।উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি বৈঠকে বসে প্রশাসন ও মালিকপক্ষ। সেখানে হয়রানি বন্ধের আশ্বাসে ১৪ ঘণ্টা পর ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ।বিকেল থেকে সিলেটের পাম্পগুলোতে আবারও তেল ও গ্যাস বিক্রি শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে জনজীবনে।বৈঠকে পেট্রোল পাম্প মালিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।