গাজীপুর (উত্তর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ডিভোর্স দেওয়ার তিন মাস পর সাবেক স্ত্রীকে প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে পাষণ্ড স্বামী। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হনুমার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটে।


নিহত গার্মেন্টসকর্মীর নাম প্রিয়তা (১৯)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রহেলা গ্রামের দুলাল মিয়ার কন্যা। প্রিয়তার তিন বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে। তিনি নয়নপুর এলাকায় অবস্থিত এলাকার রিদিসা গার্মেন্টসে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের খাবারের বিরতিতে সহকর্মীদের সঙ্গে বাসায় ফেরার পথে হনুমার্কেট এলাকায় প্রিয়তার ওপর হামলা চালায় তার সাবেক স্বামী। দিনদুপুরে রাস্তায় ফেলে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
নিহতের সহকর্মী ও মামাতো বোন নুরুন্নাহার জানান, দুপুরের লাঞ্চ ব্রেকে আমরা একসাথে বের হয়েছিলাম। এ সময় আনারুলকে সামনে দেখতে পাই। আমার বোন ভয়ে আমার সামনে চলে আসে। তখনই সে পেছন দিক থেকে ছুরি দিয়ে আঘাত করে। পরে সামনে এসেও একের পর এক ছুরিকাঘাত করে।
স্থানীয়রা জানান, পারিবারিকভাবে তিন মাস আগে প্রিয়তার সঙ্গে তার স্বামী আনারুল (২৬)-এর ডিভোর্স হয়। আনারুল ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ডাইলের বাজার এলাকার আক্রাম হোসেনের ছেলে। ঘটনার সময় আনারুলের সঙ্গে আরও দুইজন ব্যক্তি উপস্থিত ছিল বলে জানান সহকর্মী শরিফুল।
এবিষয়ে শ্রীপুর থানার (উপপরিদর্শক) এস আই তাজুল ইসলাম বলেন, আমি ৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। পরে ছুরি ও নিহতের স্বামীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available