এমপি হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ঘাটে আনা হলে ফেরি
ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর হাতিয়া-নলচিরা নৌপথে মাঝনদী থেকে একটি ফেরি ঘুরিয়ে পুনরায় চেয়ারম্যান ঘাটে ফিরিয়ে আনার অভিযোগ উঠেছে। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে ফেরিতে তোলার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ করেছেন যাত্রীরা।১১ জুলাই শনিবার বিকেলে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া মহানন্দা ফেরিতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও ঘাট সূত্রে দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী ফেরিটি যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে নলচিরার উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় ২০ মিনিট চলার পর সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ চেয়ারম্যান ঘাটে পৌঁছালে ফেরিটি মাঝনদী থেকে ঘুরিয়ে আবার ঘাটে আনা হয়। তিনি নেতা-কর্মীদের নিয়ে ফেরিতে ওঠার পর সেটি পুনরায় নলচিরার উদ্দেশে যাত্রা শুরু করে।ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, ঘাট ছাড়ার কিছু সময় পর এমপির আসার খবর পান তারা। পরে ফেরি কর্তৃপক্ষের ব্যবস্থাপকের নির্দেশে ফেরিটি ঘাটে ফিরিয়ে আনা হয়।এ ঘটনায় বৈরী আবহাওয়ার মধ্যে নদী পারাপারকারী যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কয়েকজন যাত্রী অভিযোগ করেন, হঠাৎ ফেরি ঘুরে যাওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে জানতে পারেন, একজন সংসদ সদস্যকে তুলতেই ফেরি ফিরিয়ে আনা হয়েছে। তাদের ভাষ্য, একজন জনপ্রতিনিধির জন্য সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলা উচিত হয়নি।তবে অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, সরকারি কাজে জরুরি ভিত্তিতে তার হাতিয়া যাওয়া প্রয়োজন ছিল। ফেরিটি তখনও খুব বেশি দূরে যায়নি। বিষয়টি নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।ঘাট ইজারাদারের প্রতিনিধি মো. জহির উদ্দিন বলেন, নির্ধারিত সময়ে ফেরি ছেড়ে যাওয়ার প্রায় ২০ মিনিট পর সংসদ সদস্যকে নেওয়ার জন্য সেটি আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে। হাতিয়া রুটে ফেরি চলাচল শুরুর পর এমন ঘটনা এই প্রথম বলে তিনি জানান।