নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে।


হান্নান মাসউদের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা ‘ধানের শীষ’ প্রতীকের স্লোগান দিয়ে সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কায়দায় এই হামলা চালায়। হামলাকারীরা একাধিক বাড়িতে ভাঙচুর চালায় এবং ভয়ভীতি প্রদর্শন করে।
এ ঘটনায় হান্নান মাসউদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হান্নান মাসউদ বলেন, রাতে বুড়িরচর, চর ঈশ্বর ও সোনারদিয়া ইউনিয়নের আমাদের নেতাকর্মীদের বাড়িতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানের শীষের স্লোগান দিয়ে হামলা চালায়, লুটপাট করে এবং বিভিন্ন জায়গায় গোলাগুলি করে। মূলত আমাদের সমর্থকদের দমন করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
তবে এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available