• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:০৮:০২ (30-Apr-2026)
  • - ৩৩° সে:
হবিগঞ্জে ৩ হাজার হেক্টর জমির পাকা ধান তলিয়ে গেছে

হবিগঞ্জে ৩ হাজার হেক্টর জমির পাকা ধান তলিয়ে গেছে

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে টানা ভারি বৃষ্টির কারণে হাওরের পানিতে তলিয়ে যাচ্ছে পাকা ধান। একদিকে বানের পানি আর অন্যদিকে শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছেন না কৃষকরা। ফলে প্রতিনিয়তই নতুন নতুন এলাকার ধান পানিতে নিমজ্জিত হচ্ছে।অনেকেই আবার বৃষ্টির কারণে শুকাতে না পারার আশঙ্কায় ধান কাটছেন না। যারা কাটছেন তাদেরও ফসল ঘরে তুলতে ধান মাড়াইয়ে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। এ অবস্থায় ধান গোলায় তোলা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।বানিয়াচং উপজেলার সুবিদপুর আতুকুড়া গ্রামের বাসিন্দা সামছু মিয়া জানান, তিনি বেশ কয়েক কেদার জমি আবাদ করেছিলেন। নিজের চোখের সামনেই এসব জমির ধান পানিতে নিমজ্জিত হয়ে পড়ে আছে। আর কয়েকদিন থাকলে এসব ধানে পচন ধরতে পারে। ধান কাটার জন্য শ্রমিকও পাচ্ছেন না।ধানের পাইকারি ব্যবসায়ী হামিদুল হক আখঞ্জী জানান, ধানের সরকারি মূল্য নির্ধারণ না হওয়ায় ধান ক্রয় করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, বেশি দামে যদি ধান ক্রয় করি আর সরকার পরবর্তীতে দাম কমিয়ে নির্ধারণ করে তবে তো লোকসানে বিক্রি করতে হবে। তাই আপাতত পর্যাপ্ত পরিমাণ ধান ক্রয় করতে পারছেন না ব্যবসায়ীরা।অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ দীপক কুমার পাল বলেন, প্রতিনিয়ত হাওরে পানি বাড়ছে। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ৩ হাজার হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। আমরা কৃষকদের বলছি, দ্রুত ধান কাটতে, কিন্তু বাস্তবতা হলো ধান কেটে তারা কোথায় রাখবে। বৃষ্টির কারণে শুকাতেও পারবেন না।তিনি বলেন, পানির কারণে হারভেস্টার মেশিন হাওরে নামানো যাচ্ছে না। আর শ্রমিক আছে, তবে কিছু সংকটও আছে। কিন্তু ধান শুকানোর সমস্যা, রাখার সমস্যার কারণে কৃষকরা ধান কাটছেন না।সরেজমিন ঘুরে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার হবিগঞ্জ জেলার বিভিন্ন হাওরে ১ লাখ ২৩ হাজার ৮৪৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়। ফলনও হয় বাম্পার। কিন্তু এবার অকালেই অবিরাম বৃষ্টিপাত শুরু হয়। অপরদিকে জেলার নদ-নদীগুলোতেও পানি বৃদ্ধি পেয়েছে। এসব পানি হাওরে ঢুকে ধান তলিয়ে যাচ্ছে। বৃষ্টির পানিতে ইতিমধ্যেই তলিয়ে গেছে ২৭১০ হেক্টর জমির ধান।এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বানিয়াচং উপজেলায়। এ উপজেলায় প্রায় ১৫শ’ হেক্টর এবং আজমিরীগঞ্জ উপজেলায় প্রায় ৮শ’ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে।