সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র, আহত ২
সিলেট প্রতিনিধি: সিলেটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।৫ জুলাই গোয়াইনঘাটের জাফলং চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সাকিব আহমদ (১৬) গোয়াইনঘাট উপজেলার নয়াবস্তি এলাকার বাসিন্দা মহরম মিয়ার ছেলে। তিনি আমির মিয়া স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।পুলিশ জানায়, আজ দুপুরে স্কুল শেষে সাকিব ও তার দুই সহপাঠী একটি মোটরসাইকেলে করে রাধানগরের উদ্দেশ্যে রওনা হন। পথে জাফলং চা-বাগান এলাকায় পৌঁছালে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক মোড়ল জানিয়েছেন, দুর্ঘটনার কারণ ও সার্বিক বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।