চট্টগ্রামের সেমিনারে মুসলিম উম্মাহর ঐক্যের বার্তা
ডেস্ক রিপোর্ট: এক আল্লাহ, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং কেবলার প্রতি বিশ্বাসী সবাই একই মুসলিম উম্মাহর অংশ। আকিদা ও মতাদর্শে ভিন্নতা থাকলেও মুসলিমদের মধ্যে বিভেদ নয়, বরং ঐক্য প্রতিষ্ঠা জরুরি—চট্টগ্রামে আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেছেন বক্তারা।৫ জুলাই শনিবার সকালে চট্টগ্রামের লালখান বাজারে জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত ‘মুসলিম উম্মাহর ঐক্য’ বিষয়ক সেমিনারে এসব কথা বলা হয়।সেমিনারে প্রধান আলোচক ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. সাইয়্যেদ মাহদী আলীযাদেহ মুসাভী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. মাহদী মৌলায়ী অরনি।মাদ্রাসার মহাপরিচালক মুফতি ইযহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইরানের কোম নগরীর ইসলামিক সেমিনারির শিক্ষক ও গবেষক সাইয়্যেদ মোস্তফা মুসাভী এবং ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের সিনিয়র নির্বাহী কর্মকর্তা কাসেম শাবানকারী।বক্তারা বলেন, বিশ্বের ৫৭টি মুসলিম দেশ থাকা সত্ত্বেও আকিদাগত বিভক্তির কারণে মুসলিম বিশ্ব দুর্বল হয়ে পড়েছে। তাদের দাবি, এই বিভক্তির সুযোগ নিয়ে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিগুলো মুসলিম দেশগুলোর ওপর প্রভাব বিস্তার করছে।আলোচনায় বক্তারা আরও বলেন, মুসলিম দেশগুলোর উচিত পারস্পরিক মতপার্থক্য দূরে রেখে ঐক্যবদ্ধ হওয়া এবং সম্মিলিতভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা। তারা ইরানের সাম্প্রতিক ভূমিকারও প্রশংসা করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুফতি আবু সাফওয়ান, মুফতি নুরুল হক বুখারী, মাওলানা আজিজুল হক এবং মাওলানা আবু সালেহ।