• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৭:২৫:৫০ (14-Mar-2026)
  • - ৩৩° সে:
রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা, অভিযুক্তদের গ্রেফতারের দাবি

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা, অভিযুক্তদের গ্রেফতারের দাবি

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে সাংবাদিকের উপর সশস্ত্র হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা সাংবাদিক নেতারা এই ন্যক্কারজনক ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।৮ মার্চ রোববার দুপুর ১২টায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলার শিকার হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদ এর জেলা প্রতিনিধি এবং বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম।মানববন্ধন সঞ্চালনা করেন বরেন্দ্র প্রেসক্লাবের সহ-সভাপতি মো. রহমত উল্লাহ।মানববন্ধনে বক্তারা বলেন, রেজাউল করিমকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে মাইক্রোবাস ভাড়া করে এই হামলা চালানো হয়েছে। অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় থাকতে পারে না। পুলিশের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, দ্রুত আসামিদের আইনের আওতায় না আনলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।প্রসঙ্গত, রাজশাহীর শিরোইল কাঁচা বাজার এলাকায় অবস্থিত বরেন্দ্র প্রেসক্লাব পরিচালনার নামে বেশ কিছু দিন ধরে নুরে ইসলাম মিলন ও তার সহযোগীরা ৪ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এরই জেরে ৭ মার্চ শনিবার রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে একদল সন্ত্রাসী ক্লাবে ঢুকে তাণ্ডব চালায়। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন পিস্তল বের করে সভাপতির মাথায় ঠেকিয়ে ভয়ভীতি দেখায়।হামলার একপর্যায়ে সুরুজ আলী নামের এক সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিমের পেটে আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার ঊরুতে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং মোট ১৩টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এই ঘটনায় সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় নুরে ইসলাম মিলন, সুরুজ আলী, মিশাল, সাইদ আলী, ইব্রাহিম ও রেন্টুসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উপদেষ্টা ও দেশ টিভির প্রতিনিধি কাজী শাহেদ, সাবেক সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো আমজাদ হোসেন শিমুল, রিভারসিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রাব্বানী, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান টনি এবং দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন প্রমুখ।বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীদের ফেলে যাওয়া একটি মাইক্রোবাস জব্দ করেছে। থানায় মামলা রেকর্ড করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।