• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৮:৩৩ (27-Aug-2026)
  • - ৩৩° সে:
সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।আজ ২৭ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।এদিকে আজ বিকেল ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হবে।অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে রয়েছে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্নোত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ, বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব এবং আইন প্রণয়ন কার্যাবলি।জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, তৃতীয় অধিবেশনটি ৫, ৭ বা ১০ দিন চলতে পারে। তবে সংসদীয় কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী অধিবেশনের মেয়াদ বাড়ানো হতে পারে।বুধবার সংসদ ভবনে সাংবাদিকদের তিনি বলেন, এ অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়া গেলেই সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা হবে।চিফ হুইপ জানান, তৃতীয় অধিবেশনে ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম এবং মানবাধিকার সুরক্ষা-সংক্রান্ত বিল উল্লেখযোগ্য।সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত প্রস্তাবিত আইনে বাবা-মা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও তাঁরা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তির ভোগদখল ও ব্যবহারের অধিকার বজায় রাখার বিধান রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পত্তি হস্তান্তরের পর বাবা-মায়ের প্রতি সন্তানের অবহেলা রোধ করাই এর অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।জুলাই সনদের ধারাবাহিকতায় সংবিধান সংশোধনের বিষয়টিও এ অধিবেশনে গুরুত্ব পেতে পারে বলে জানান চিফ হুইপ। তিনি বলেন, সংবিধানের একটি কমা, দাঁড়ি কিংবা সেমিকোলনের পরিবর্তনও সংবিধান সংস্কারের অংশ। জুলাই সনদে সব রাজনৈতিক দল যে অঙ্গীকারে স্বাক্ষর করেছে, তার প্রতিটি বিষয় যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।সূত্র: দৈনিক যুগান্তর