টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ১
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।২৪ মে রোববার বেলা ১১টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫) এবং একই গ্রামের শওকত আলীর ছেলে মো. লিমন (১৪)।পুলিশ ও স্থানীয়রা জানান, বাসাইল-ভাতকুড়া সড়কের বাংড়া কালি মন্দিরের সামনে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটে। মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে ঘটনাস্থলেই তাকবির মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিমনের মৃত্যু হয়।বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।