লক্ষ্মীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।১ জুন সোমবার বিকেলে একই এলাকার বাসিন্দা মামুন শিশুটিকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির পৈতৃক বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। ঈদ উপলক্ষে সে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের চর সীতা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে।ঘটনার সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে এলাকাবাসী বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে। অভিযুক্ত মামুন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।এ ঘটনায় ভুক্তভোগী শিশুর নানি বাদী হয়ে রামগতি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মেয়েটি নানার বাড়িতে বেড়াতে এলে পাশের এলাকার মামুন নামে এক ব্যক্তি তাকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং থানায় হেফাজতে নেওয়া হয়েছে।’তিনি আরও বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’